ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের গবেষক দল বলেছে, সাধারণ ছুটির এক মাসে ৩টি খাতে প্রায় ১ লাখ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হবে বাংলাদেশের।
গবেষণা বলছে- আর্থিক ক্ষতি কমাতে সারা দেশ না বরং লকডাউন করতে হবে করোনা হটস্পটগুলোতে।
আর অর্থনীতিবিদরা বলছেন- এই সময়ে কৃষিপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ধাপে ধাপে চালু করতে হবে শিল্প-কারখানা।
সাধারণ ছুটির কারণে কার্যত অবরুদ্ধ এখন বাংলাদেশ। জরুরি সেবা ছাড়া সব অফিস ও ব্যবসা বন্ধের ফলে বাংলাদেশে দৈনিক প্রায় ৩ হাজার ৩৩১ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের গবেষকরা।
সাধারণ ছুটিতে বাংলাদেশের কৃষি, শিল্প ও সেবা খাতে দৈনিক ক্ষতি প্রায় ৩ হাজার ৩৩১ কোটি টাকা। এর মধ্যে, কৃষিতে দৈনিক ক্ষতি ২০০ কোটি টাকা, শিল্পে ১ হাজার ১৩১ কোটি টাকা। আর সেবা খাতে দৈনিক ২ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে।
এই ক্ষতি পুষিয়ে নেয়ার আপাত উপায় দেখছেন না অর্থনীতিবিদরা। গবেষকদের আশঙ্কা- এই ক্ষতির প্রভাব হবে দীর্ঘমেয়াদী।
অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতির স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে চালু করতে হবে শিল্প-কারখানা। উৎপাদন-সরবরাহ স্বাভাবিক রাখতে হবে কৃষিপণ্যের।
বার্তাবাজার/কে.জে.পি