সময়ের সাথে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। দেশের কঠিন এ পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে অনেক বেসরকারী হাসপাতাল। কিন্তু করোনা রোগীর চিকিৎসা দেওয়ার কথা ছিল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে। চার দিন আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ ঘোষণা দেওয়া হয়েছিল।
এখন হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আগের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই হাসপাতালে আগের মতোই সাধারণ রোগীদের চিকিৎসা চলবে।
আজ শুক্রবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে, সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা রোগীদের সেবা দেওয়ার যে কথা ছিল, তা পরিবর্তন করা হয়েছে।’
উত্তম কুমার বড়ুয়া আরও বলেন, ‘সাধারণ রোগীদের কথা বিবেচনা করে আগের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।’ এখন হাসপাতালটিতে কোনো করোনা রোগী নেই বলেও জানান তিনি।
কেএ/বার্তাবাজার