১ হাজার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীর পাশে মাশরাফি ও নগদ

মাঠের লড়াইয়ে সবার সামনে ছিলেন ম্যাশ। মাঠের বাহিরেও কম যান না এই দেশ সেরা অধিনায়ক। দেশের এই কঠিন সময়ে প্রতিনিয়ত নড়াইলবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন ম্যাশ।

এবার যেন নিজেকে আরেকটু ছাড়িয়ে গেলেন। মাশরাফির ডাকে সাড়া দিয়ে নড়াইলে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ব্যবসা প্রতিষ্ঠানের ১ হাজার কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’।

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটের কারণে সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নগদ-এর প্রতি আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে ১০০০ পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করে প্রতিষ্ঠানটি।

মাশরাফি বিন মুর্তজা নগদের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা নগদ-কে ধন্যবাদ। “মানুষ বাঁচলে, দেশ বাঁচবে”- এই স্লোগানকে সামনে রেখে নগদ সারাদেশে মানুষের পাশে দাঁড়িয়েছে, আমি এজন্য নগদ পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি।

আশা করি এই সংকটে বিত্তবানরা ও ব্যবসায়ীরা খেটে খাওয়া দরিদ্র মানুষদের পাশে দাঁড়াবেন। সবাই মিলে মানুষকে সহযোগিতা করলে কোনো সংকটই সংকট তৈরি করতে পারবে না।”

নড়াইলের জেলা প্রশাসক উক্ত কর্মসূচি উদ্বোধন করে বলেন, আমাদের মাননীয় সংসদ সদস্য নড়াইল বাসীর জন্য দিনরাত কাজ করছেন। তারই আহ্বানে নগদ নড়াইলের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এভাবে সমাজের বিত্তবানরা সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে এসে দাঁড়াবে, এই আশা করি।

নগদের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এ সম্পর্কে বলেছেন, আমাদের কিংবদন্তি অধিনায়ক ও এমপি মাশরাফি নড়াইলের মানুষের জন্য করোনা মোকাবেলায় একের পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। এই কার্যক্রম আমাদের পক্ষ থেকে মাশরাফির নড়াইলের মানুষের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর