৭ লাখ টাকা বাসা ভাড়া মওকুফ করলেন প্রবাসী, দিচ্ছেন খাদ্যসহায়তাও

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে সব ভাড়াটিয়াদের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন সৌদি প্রবাসী চার ভাই। সিলেট ও সুনামগঞ্জের ফ্লাট, কলোনিসহ প্রায় ২শ পরিবারের ৭ লক্ষ টাকার বাসা ভাড়া মওকুফ করেন তারা।

সৌদি প্রবাসী চার ভাই হলেন, জসিম উদ্দিন শামিম, শাহিন আহমেদ, শামছুল ইসলাম ও মামুনুর রহমান।

এছাড়াও তারা তাদের ব্যক্তিগত উদ্যোগে গরীব অসহায় নিম্ন আয়ের ১৫শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীও বিতরণ করেছেন।

প্রচার বিমুখ এ পরিবারের সদস্যরা নিজেদের ডেইরি ফার্মে উৎপাদিত গাভীর দুধও বিতরণ করছেন সাধারণ মানুষের মধ্যে। এছাড়াও রমজানে প্রতিদিন ৩শ পরিবারের মধ্যে ইফতার পৌঁছে দেয়ারও উদ্যোগ নিয়েছেন তারা।

এ বিষয়ে প্রবাসী মামুনুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে সময়টা বেশ খারাপ যাচ্ছে দেশের সাধারণ মানুষের। মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। অনেক পরিবারে আর্থিক সংকট দেখা দিয়েছে কাউকে বলতেও পারছেন না। এ সংকট মোকাবেলায় মানুষকেই এগিয়ে আসতে হবে। তাই আমাদের সাধ্যের মধ্যে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সাধারণ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী গোপনে পৌঁছে দিচ্ছি। আমরা ভাড়াটিয়াদের কাছে এপ্রিল মামের মাসের ভাড়া নেব না।

তিনি আরও বলেন, এভাবে অন্য বাসার মালিকদের এমন সিদ্ধান্ত নেওয়া উচিত। দেশের এ সংকট মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোটাই বড় দায়িত্ব একজন নাগরিকের।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর