২০ দিনের লড়াই শেষে সুস্থ প্রথম করোনা শনাক্ত রোগী

প্রাণঘাতী করোনা ভাইরাসের সঙ্গে টানা ২০ দিন লড়াই করে সুস্থ হয়েছেন বগুড়ায় প্রথম করোনা শনাক্ত হওয়া রোগী।

শুক্রবার(২৪ এপ্রিল) পরপর ৩টি নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় বগুড়ার মোহাম্মদ আলী হাসাপাতালের আইসোলেশন ইউনিট থেকে ওই ব্যক্তিকে ছাড়পত্র দেয়া হয়।

ঢাকা থেকে রংপুর যাবার পথে অসুস্থ হওয়ায় ওই ব্যক্তি বগুড়ার মহাস্থান বাজারে গাড়ি থেকে নেমে যান।

গেল ২৯শে মার্চ ট্রাকে ঢাকা থেকে রংপুর ফেরার পথে বগুড়ায় অসুস্থ হয়ে পড়লে ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে প্রথমে ভর্তি করা হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। করোনার উপসর্গ থাকায় পরদিন তাকে নেয়া হয় মোহাম্মদ আলী হাসপাতালে স্থাপিত কোভিড নাইনটিন আইসোলেশন ইউনিটে। নমুনা পরীক্ষার পর ৪ঠা এপ্রিল তার করোনা শনাক্ত হয়।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তি আইসোলেশনে ভর্তি হন। তখন তিনি ওষুধ সেবনের মতো অবস্থায় ছিলেন না। তাই প্রথম ৭ দিন তাকে শ্বাসকষ্ট কমানোর ইঞ্জেকশন দেয়া হয়।

করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া ওই ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সৃষ্টিকর্তা আর হাসপাতালে তার সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি।

শুক্রবার দুপুর আড়াইটার পর ছাড়পত্র নিয়ে মোহাম্মদ আলী হাসপাতাল থেকে রংপুরের উদ্দেশে রওনা হওয়ার সময় সুস্থ হয়ে রংপুরে ফেরার পর তারা যেনো সামাজিকভাবে হেনস্তার শিকার না হন, সেটি নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।

২৯শে মার্চ শ্বাসকষ্টের সাথে বুকে ব্যাথা থাকায় প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত ভেবে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। যার ফলে, ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন ওই হাসপাতালে ৫ জন চিকিৎসকসহ ১২ জন স্বাস্থ্যকর্মী।
ডিবিসি নিউজ

বার্তবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর