রেশন কার্ড করার সময় দলীয় পরিচয় বিবেচনা করা যাবে না : তথ্যমন্ত্রী

রেশন কার্ড করার সময় দলীয় পরিচয় বিবেচনা না করার জন্য বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আওয়ামী লীগের যারা কড়া সমালোচক, কোন সময় ভোটও দেননি, তিনি যদি প্রকৃতপক্ষে অভাবী হন প্রধানমন্ত্রী ঘোষিত নতুন পঞ্চাশ লক্ষ রেশন কার্ডে তার নাম অন্তর্ভুক্ত করতে হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আ. লীগের প্রতিনিধি ও ইউপি চেয়ারম্যানদের সাথে ত্রাণ বিতরণসহ নানা বিষয়ে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, সরকার গত কয়েক বছর ধরে পঞ্চাশ লক্ষ পরিবারের মধ্যে মাসে ৩০ কেজি করে ১০ টাকা দরে চাল দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুন ভাবে যে পঞ্চাশ লক্ষ রেশন কার্ড করা হবে সেগুলো প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন তাদের মধ্য থেকেই করতে হবে।

তিনি আরও বলেন, এই কার্ডটি করার ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক হতে হবে। এ ধরনের কার্ড করার সময় কোন দলীয় পরিচয় বিবেচনা করা যাবে না। যার প্রয়োজন তাকেই অন্তর্ভুক্ত করতে হবে দলমত নির্বিশেষে। এটি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সুতরাং সেভাবেই তালিকা করতে হবে। কারণ একজন মানুষও অভাবে থাকুক সরকার সেটা চায় না।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর