সাগরে ভাসছে ৫০০ রোহিঙ্গা, এবার আর গ্রহণ করবে না বাংলাদেশ

মালয়েশিয়ায় প্রবেশ করতে না পেরে গত কয়েকদিন ধরে সাগরে রোহিঙ্গা বহনকারী দুটি নৌকা ভাসছে, এমনটাই বলছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা। নৌকা দুটিতে অন্তত ৫০০ রোহিঙ্গা আছে।

বার্তা সংস্থাগুলোর মতে, ভাসমান নৌকা দুটি বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে অবস্থান করছে। তবে এসব রোহিঙ্গাকে গ্রহণ করবে না বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন, সাগরে ভাসমান রোহিঙ্গাদের কোনভাবেই বাংলাদেশে ভিড়তে দেয়া হবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের কোন দায়বদ্ধতা নাই ওদের গ্রহণ করার। আমরা চাই না মানুষ মরুক। কিন্তু অন্যদের অগ্রসর হয়ে আসতে হবে।”

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে অবস্থানরত নারী, পুরুষ এবং শিশুদের ঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, রোহিঙ্গাদের উদ্ধার করার বিষয়ে যেন বাংলাদেশকে সাহায্য করে।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ক্ষোভ প্রকাশ করে বলেন, কেউ যদি গভীর সমুদ্রে থাকে তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের দেখাশোনার দায়িত্ব হচ্ছে গভীর সমুদ্রের আশপাশের দেশগুলোর।

“কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমাদের এই এলাকায় যেসব দেশ আছে – থাইল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, ভারত বলেন, ফিলিপিন্স বলেন – তাদের কাছে কেউ গিয়ে রিকোয়েস্ট করে না এদের (রোহিঙ্গাদের) নিয়ে যাওয়ার জন্য।”

সূত্র : বিবিসি বাংলা

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর