দিনাজপুরে ত্রাণ দেয়ার নামে ঘুষ দাবি, কারাগারে ইউপি সদস্য

দিনাজপুরের বিরল উপজেলায় ত্রাণ ও আনুষাঙ্গিক দ্রব্যাদি পাইয়ে দেয়ার কথা বলে ঘুষ নিতে গিয়ে এলাকাবাসীর হাতে পিটুনি খেয়েছেন এক ইউপি সদস্য। পরে বিরল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ইউপি সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গত ২৩ এপ্রিল রাতে বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার বিরল থানায় এ বিষয়ে মামলা দায়ের হলে ইউপি সদস্য আমিনুল ইসলাম আতরকে জেলে পাঠানো হয়।

গ্রেফতার হওয়া ইউপি সদস্যের নাম আমিনুল ইসলাম আতর। তিনি বিরল উপজেলার ৭ নং বিজোড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য এবং ভবানীপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। এই ঘটনায় ভবানীপুর গ্রামের হামিদুর রহমানের ছেলে আল মামুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

বাদী মো. আল মামুন মামলায় উল্লেখ করেছেন, করোনাভাইরাসের কারণে মানুষকে ঘরে রাখতে সরকার ত্রাণ বিতরণ করছেন। আর সেই ত্রাণের চালসহ আনুষাঙ্গিক জিনিসপত্র পাইয়ে দেয়ার নামে ইউপি সদস্য আমিনুল ইসলাম আতর ১২০ টাকা থেকে ৩০০ টাকা করে ঘুষ গ্রহণ করছিলেন।

বিজোড়া ইউনিয়নের কয়েকজন জানান, ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম আতর এলাকার ৭জনসহ আরো অনেকের নিকট ত্রাণ দেয়ার নাম করে ঘুষ নেন। ত্রাণ দেয়ার নাম করে কেন তিনি টাকা নিচ্ছেন এ সম্পর্কে এলাকার কয়েকজন জানতে চাইলে ওই ইউপি সদস্য কোন উত্তর দিতে পারেনি।

পরে উত্তেজিত এলাকাবাসী ইউপি সদস্য আমিনুল ইসলামকে মারধর করলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে পুলিশ আমিনুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে শুক্রবার (আজ-২৪এপ্রিল) সকালে বিজোড়া ইউনিয়নের আল মামুন বাদী হয়ে বিরল থানায় ইউপি সদস্য আমিনুল ইসলামের নামে মামলা দায়ের করেন।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি সদস্য আমিনুল ইসলাম আতরকে ত্রাণের নামে ঘুষ আদায়ের অপরাধে আদালতে সোপর্দ করা হয়েছে।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর