নরসিংদীতে করোনায় আক্রান্ত হওয়া প্রথম রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার কয়েকদিন পর ফের প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ফারহানা আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে নারায়ণগঞ্জে থাকা অবস্থায় ৫ এপ্রিল করোনা উপসর্গ দেখা দিলে ওই ব্যক্তি নিজেই ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিয়ে আসেন। পরে ৬ এপ্রিল সন্ধ্যার দিকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই রাতেই পলাশ উপজেলা প্রশাসন ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া এলাকার সব দোকানপাট বন্ধ করে লকডাউন করে দেয়।
পরের দিন ৭ এপ্রিল দুপুরে করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রেখে চিকিৎসা করানো হয়। তার পরিবারের ৯ সদস্যের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। ১০ দিন চিকিৎসা শেষে ১৭ এপ্রিল করোনা পরীক্ষার রিপোর্ট দুইবার নেগেটিভ আসায় তাকে সুস্থ হওয়ার ছাড়পত্র দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা আলী জানান, করোনায় সুস্থ হয়ে যাওয়া ওই ব্যক্তির ফের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে বৃহস্পতিবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ অবস্থায় তার বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো থাকায় হোম কোয়ারিন্টনে রেখে চিকিৎসা দেয়া হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস