দ্বিতীয় বারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এ তারকা সাকিব আল হাসান। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব আল হাসানের ব্যক্তিগত ম্যানেজার রাব্বি আমিন সোহান।
কিছুদিন আগে সাকিব তার ফেসবুকে জানিয়েছেন, ছোট ভাই অথবা বোন পেতে যাচ্ছেন তার কন্যা আলায়না হাসান অব্রি।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আলায়নার একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছিলেন ‘বড় বোনের দায়িত্ব’। ছবিতে দেখা যাচ্ছে, অব্রির হাতে একটি ছোট বাচ্চার জামা। তাতে লেখা, ‘বাসায় স্বাগতম।’
এবার জানা গেল তার দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার খবর।
জানা গেছে, বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে আছেন সাকিব আল হাসান।
২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঢাকার হোটেল রূপসী বাংলা’য় তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন খেলোয়াড় উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস