নভেল করোনা ভাইরাসের কারণে এবার বসছে না ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। প্রতিবছর রোজা শুরুর আগে থেকে চকবাজারের সড়ক বন্ধ করে চলে ইফতারের দোকান বসানো হয়।
কিন্তু এবার সে চিত্র ভিন্ন। বসানো হয়নি কোনো দোকান, নেই বিক্রেতাদের ব্যস্ততা। সেই সঙ্গে শহরের ফুটপাতে ইফতার তৈরি এবং বিক্রিও বন্ধ থাকবে।
আইজিপি বেনজীর আহমেদ পুলিশ হেডকোয়ার্টার্স হতে সকল রেঞ্জ, মেট্রোপলিটন, বিশেষায়িত ইউনিট ও জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। আসন্ন রমজানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার ব্যাপারে নির্দেশনায় ফুটপাতে ইফতার বিক্রির কার্যক্রম বন্ধ রাখতে ব্যবস্থা নিতে বলেন তিনি।
সূত্র জানায়, রোজা শুরুর আগে থেকে নানা কর্মব্যস্ততা থাকে পুরান ঢাকার চকবাজারের ইফতার সামগ্রী বিক্রেতাদের মাঝে। রোজা শুরুর আগের দিন থেকেই বসে দোকান।
মাসব্যাপী চলা এই ইফতার বাজারে মেলে নানান মুখরোচক খাবার। বটি কাবাব, সুতা কাবাব, রেশমি কাবাব, জালি কাবাব থেকে শুরু করে ১০ থেকে ১২ ধরনের কাবাব। আস্ত খাসি ভুনা, আস্ত কোয়েল ভুনার পাশাপাশি এখানে পাওয়া যায় নানান ধরনের টিকিয়া। এসময় শতাধিক খাবারের পশরা সাজিয়ে বসেন দোকানিরা। ইফতারে এসব খাবার রাখতে পছন্দ করেন অনেকেই।
ফলে ঢাকার প্রায় সব এলাকা থেকে দুপুরের পড় থেকে ক্রেতাদের ভিড় দেখা যেত চকবাজারে। লোকে লোকারণ্য থাকত ইফতার পর্যন্ত।
বার্তাবাজার/কে.জে.পি