করোনায় দরিদ্রদের জন্য ইবি শিক্ষার্থী সাব্বিরের ভালোবাসা

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে দিশেহারা গোটা বিশ্ব, দিশেহারা বাংলাদেশও। এরই মধ্যে সংক্রমণ এড়াতে চলমান সাধারণ ছুটির কারণে পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন হতদরিদ্র আর নিম্নআয়ের মানুষেরা।

কঠিন এ সময়ে বিভিন্ন গোষ্ঠী, ব্যক্তি ও প্রতিষ্ঠান দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে। প্রসারিত করছে সাহায্যের হাত। তেমনই একজন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাব্বির আহমেদ।

যিনি দুর্যোগকালীন সময়ে হাত গুটিয়ে বসে থাকেননি। মানবকল্যাণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। গত ১ মাস ধরে করোনায় কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে টানা খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছেন বলে জানিয়েছেন সাব্বির নিজেই।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আত্মীয়-স্বজনের সহযোগিতায় অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। এছাড়া রমজান মাসজুড়ে তিন শতাধিক মানুষের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

জানা যায়, সাব্বির ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। সাব্বিরের বাড়ি মেহেরপুর জেলা সদরে। পিতা মোঃ আনছারুল হক এবং মাতা ইরা উম্মে সালমার বড় ছেলে সাব্বির আহমেদ।

দেশে করোনা শনাক্তের পরে থেকে বিভিন্ন মহলের সহযোগিতায় টানা ৩০ দিনের মতো কার্যক্রম অব্যাহত রেখেছেন সাব্বির। সাব্বিরের নেওয়া উদ্যোগের মধ্যে রয়েছে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ, জীবাণুনাশক ঔষধ স্প্রে, মানবতার দেয়ালের আদলে খাদ্য সামগ্রীর ফ্রি দোকান, বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী, সবজি ও প্রয়োজনীয় ঔষধ বিতরণসহ আরো অনেক কার্যক্রম। তার উদ্যোগে মেহেরপুর জেলার বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে প্রতিদিন৷

প্রথমদিকে টিউশনির টাকা দিয়ে কাজ শুরু করলেও এরপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব সহ কয়েকটি সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সাব্বিরের এই মহৎ কাজে। শুরুতে একা একা কাজ শুরু করলেও এখন অনেক স্বেচ্ছাসেবক যুক্ত হয়েছেন সাব্বিরের সাথে।

এবিষয়ে সাব্বির আহমেদ বলেন,” রমজান মাসে আমরা ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নিয়েছি। সকলের কাছে আবেদন সহযোগিতার মাধ্যমে আমাদের এ কার্যক্রমকে আরো বেগবান করে তুলুন৷

তিনি বলেন, যখন খাদ্য সামগ্রী বিতরণ করতে যাই তখন মানুষের অসহায়ত্বের কথা শুনে চোখে পানি চলে আসে। নিজেকে অনেক অসহায় মনে হয়। কিন্তু আর্থিক সংকটের কারণে আমাদের করার কিছুই থাকেনা৷ খুবই খারাপ লাগে যখন দেখি দেশের এইরকম ক্রান্তিকালেও কিছু মানুষের উদাসীন আচরণ এবং দৃষ্টিভঙ্গির কারণে বেশিরভাগ মানুষ না খেয়ে দিনাতিপাত করছে।

তিনি আরো বলেন, করোনা নামক যুদ্ধে সকলকে সহযোগিতার মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানাচ্ছি। আর সহযোগিতা করার সময়ে কেউ অনুগ্রহ করে ছবি তুলবেন না। এটা মানবিকতার চরম বিপর্যয়। আমাদের সকলকে সচেতন হতে হবে, এখন মানে এখনই আপনি আমি সকলে সচেতন হই। এটাও একরকমের যুদ্ধ, তাই সকলের সহযোগিতা একান্ত কাম্য। আমরা সকলে এগিয়ে আসলে আবারো হাঁসবে মানবতা, বাঁচবে দেশ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর