মহামারি করোনা ছড়িয়ে পড়েছে সারাদেশে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন এক সংকটময় মুহুর্তে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বুধবার (২২ এপ্রিল) ময়মনসিংহের ভালুকায় মারা যান পোশাক শ্রমিক জুলমত হোসেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তার লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাশিনাথপুর গ্রামে।
কিন্তু সেখানেই হয় বিপত্তি। করোনা আক্রান্ত সন্দেহে জুলমতের লাশ দাফনে বাঁধা দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই পোশাক শ্রমিকসহ পরিবারের ১২ জনের নমুনা সংগ্রহ করে। পরে ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার শর্তে বৃহস্পতিবার দুপুরে লাশ দাফনে সম্মত হন এলাকাবাসী। তবে এলাকার কেউই এগিয়ে না আসায় উপজেলা ছাত্রলীগের কর্মীরা লাশের জানাযা ও দাফন সম্পন্ন করেন।
শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, করোনা সন্দেহে লাশ দাফনে এলাকার লোকজন বাধা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে পরদিন বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে। পুলিশ পাহারায় দুপুরে দাফন সম্পন্ন হয়েছে।
সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, ময়মনসিংহের ভালুকায় থেকে পোশাক শ্রমিকের মরদেহ আসে। কিভাবে মারা গেছেন, পরিবারের লোকজন স্পষ্টভাবে তেমন কিছুই বলেনি। এলাকাবাসীর আপত্তির কারণে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিহত ও স্বজনদের নমুনা সংগ্রহ করেছে।
বার্তাবাজার/এসজে