চেন্নাই থেকে ফিরছেন আরও ১৬৪ জন বাংলাদেশি

ভারতের চেন্নাইয়ে চিকিৎসায় গিয়ে প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনের কারণে আটকে পড়া আরও ১৬৪ জনকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

শুক্রবার (২৪ এপ্রিল) ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ভারতের চেন্নাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে আজ ১৬৪ জন বাংলাদেশি দেশে ফিরবেন। বিকাল ৩টার পর ফ্লাইটি বাংলাদেশি নাগরিকদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।’

কামরুল ইসলাম বলেন, আগামী ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরও একটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। এর আগে চেন্নাই থেকে ইউএস-বাংলার তিনটি ফ্লাইটে ৪৯৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। এদের মধ্যে পাঁচজন শিশুও ছিল।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন। এতে দেশটির বিভিন্ন শহরে আটকা পড়েন দুই হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক।

গত ২০ এপ্রিল প্রথম ভারতের চেন্নাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসে করে ১৬৪ জন দেশে ফেরেন। পরদিন ২১ এপ্রিল একই এয়ারলাইনসের একটি পাঁচ শিশুসহ ১৬৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেন। গত ২২ এপ্রিল একই জায়গা থেকে আরও ১৬৪ বাংলাদেশি দেশে ফিরে আসেন।

করোনাভাইরাস ঠেকাতে ভারতের লকডাউন ব্যবস্থা গত ১৪ এপ্রিল দ্বিতীয় দফায় আরও নয়দিন অর্থাৎ আগামী ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর