বঙ্গবন্ধু যমুনা সেতুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক পেট্রোলম্যান নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল কাদের (৩০)। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে সেতুর ৩০ নাম্বার পিলারের কাছাকাছি এই দুর্ঘটনাটি ঘটে।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সারকলশিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুল কাদের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ফায়ার অ্যান্ড রেসকিউ হিসাবে দায়িত্বরত ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান বলেন, শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ৩৮ নম্বর পিলারের কাছকাছি ঢাকাগামী লেনে একটি ট্রাক বিকল হয়ে যায়। তখন পেট্রোলম্যান আব্দুল কাদেরের নেতৃত্বে একটি দল ট্রাকটিকে উদ্ধার করতে যায়। সেতুর ৩০ নম্বর পিলারের কাছে তিনি উদ্ধার কাজ করছিলেন।
একপর্যায়ে উত্তরবঙ্গগামী একটি দ্রুতগামি গাড়ি তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘাতক গাড়িটিকে শনাক্ত করতে সেতুতে স্থাপিত সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। গাড়িটিকে শনাক্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওসি জানান।
বার্তাবাজার/এসজে