নাটোরে অবস্থান করা কোন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়নি

নাটোরে অবস্থান করা কোন ব্যক্তিই এখন পর্যন্ত করোনা ভাইরাস (Covid-19) আক্রান্ত হয়নি। তবে জেলার বাগাতিপাড়া উপজেলার এক যুবক ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (Institute of Epidemiology, Disease Control and Research-IEDCR) এর ওয়েব সাইডে এই তথ্য দেওয়া হয়। তখন থেকেই ‘নাটোরে একজন করোনায় আক্রান্ত’ এমন সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, করোনায় আক্রান্ত যুবকের বাড়ি বাগাতিপাড়া উপজেলায়। সে হোটেল বয় হিসাবে দীর্ঘদিন ধরে ঢাকায় কাজ করতো। নাটোরে তার কোন যাতায়াতও ছিল না। সম্প্রতি ঢাকায় ঐ যুবকের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষা করা হলে সেখানেই তার করোনা পজেটিভ হয়।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, আমরা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ যোগাযোগ করে জেনেছি, ঐ যুবক ঢাকাতেই আক্রান্ত হয়েছে।

সে ভর্তি হওয়ার সময় স্থায়ী ঠিকানা হিসেবে নাটোরের বাগাতিপাড়া ব্যবহার করেছে। যার কারণে আইইডিসিআর করোনা শনাক্তের জায়গায় নাটোরের নাম উল্লেখ করেছে। জেলার ৭টি উপজেলায় বসবাসকারী কোন ব্যক্তিই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত এমন শনাক্ত হয়নি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর