ত্রাণ নিয়ে অনিয়মের ঘটনায় আরও ৭ চেয়ারম্যান বরখাস্ত

সরকারি ত্রাণের চাল আত্মসাত এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে আরও সাতজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তিনজন সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করা হয়।

এ নিয়ে দেশের করোনাভাইরাসের সংকটকালে ত্রাণ নিয়ে অনিয়মের ঘটনায় মোট ৩৫ জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ১৫ জন ইউপি চেয়ারম্যান, ১৯ জন ইউপি সদস্য এবং একজন জেলা পরিষদ সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সাময়িক বরখাস্ত হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানরা হলেন : বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউপির মো. নূরে আলম বেপারী, ভোলা জেলার সদর উপজেলার রাজাপুর ইউপির মো. মিজানুর রহমান খান, পটুয়াখালী জেলার সদর উপজেলার কমলাপুর ইউপির মো. মনির রহমান মৃধা, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউপির শাহ আল শফি আনসারী, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির মো. সিদ্দিকুর রহমান মন্ডল, নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়লী ইউপির জারজিদ মোল্লা এবং কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী।

সাময়িক বরখাস্ত ইউপি সদস্যরা হলেন— নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গলাচিপা ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন সোহেল এবং একই উপজেলার কেশবপুর ইউপির সংরক্ষিত নারী সদস্য মোছা. লিপি বেগম।

স্থানীয় সরকার বিভাগের ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, করোনা সঙ্কটের সময় সরকারি ত্রাণের চাল আত্মসাৎ, জাটকা নিধনে বিরত থাকা জেলেদের জন্য সরকারের বরাদ্দ ভিজিএফ চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রি, সরকারি ত্রাণের চাল ভুয়া মাস্টাররোলে বিতরণ দেখিয়ে আত্মসাৎ, সরকারি ১০ টাকা কেজি দরে চাল বিতরণে ব্যাপক অনিয়ম, বরাদ্দ চাল নির্ধারিত পরিমাণে না নেয়া ও বিধিবহির্ভূতভাবে অন্যদের মাঝে বিতরণসহ এদের বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়েছে।

ত্রাণ আত্মসাৎ ছাড়াও সাময়িক বরখাস্ত জনপ্রতিনিধিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারী করোনার প্রাদুর্ভাবের সময় এলাকায় অবস্থান না করে বিনা অনুমতিতে বিদেশ যান এবং নেত্রকোনা জেলার গাঁওকান্দিয়া ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম করোনার মহামারির সময়ে ষাঁড়ের লড়াই আয়োজন করেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর