বিশ্ব গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকট মোকাবিলা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বিশ্ব সম্ভবত গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকট কোভিড-১৯ ও এর বিরুদ্বে মোকাবিলা করছে। তাই, আমাদের একসাথে এ সংকট মোকাবিলা করতে হবে। আমাদের দরকার প্রত্যেক সমাজ থেকে সম্মিলিত দায়িত্ব ও অংশীদারিত্বের উদ্যোগ নেওয়া।”

আজ বৃহস্পতিবার(২৩ এপ্রিল) সন্ধ্যায় দক্ষিণ এশিয়ার অর্থনীতির ওপর কোভিড-১৯ সংশ্লিষ্ট প্রভাব মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার নিয়ে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত এক ভার্চুয়াল সম্মেলনে দেওয়া সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “এ মহামারি কত দিন ধরে থাকবে তা অজানা, তবে এটি ইতোমধ্যে অর্থনীতিতে প্রভাব ফেলেছে। আমাদের দরকার অর্থনীতি, ব্যবসা ও সমাজকে লাইনে ফেরানো, লোকজনকে ট্রমা ও ভয় কাটিয়ে উঠতে সহায়তা করা এবং অত্যাবশ্যক ক্ষেত্রগুলোকে পুনরুদ্ধার করা।”

এমন জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া বিশ্বে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী পাঁচটি উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, বিশ্বকে মানবকল্যাণ, বৈষম্য রোধ, দরিদ্রদের সহায়তা এবং করোনার আগের স্তরে অর্থনীতিকে ফিরিয়ে নিতে নতুন কিছু ভাবতে হবে। কারণ, সমাজে দারিদ্র্য ও বৈষম্য দ্রুত বাড়বে। “গত এক দশকে আমাদের গরিব জনগোষ্ঠীর অর্ধেককে আমরা দরিদ্রতা থেকে তুলে এনেছিলাম। তাদের অনেকে হয়তো এখন আবার ফিরে যাবে।”

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর