গাজীপুরে প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুরে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তাদের তিন সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা (৪০)। তাদের দুই মেয়ে নুরা (১৬), হাওয়ারিম (১১) এবং প্রতিবন্ধী ছেলে ফাদিল (৭)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের মত গত বুধবার রাতে নিহতরা সবাই দোতলা বাড়ির দোতলায় নিজ ঘরে ঘুমাতে যায়। সকাল গড়িয়ে দুপুর হলেও তারা কেউ ঘর থেকে বের না হওয়ায় নিহতের স্বজনরা মই বেয়ে দোতলায় উঠে ঘরের মেঝেতে রক্ত দেখতে পায়। পরে শ্রীপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। কিভাবে কেন তারা খুন হলো তা জানতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।

কাজল দীর্ঘদিন প্রবাসে থাকার সময় ইন্দোনেশিয়ান মেয়ে ফাতেমাকে বিয়ে করে। পরে শ্রীপুরের আবদার গ্রামের জমি ক্রয় করে বাড়ি তৈরি করলে তার স্ত্রী সন্তানেরা এখানেই বসবাস করছিল। কাজল বর্তমানে সৌদি প্রবাসী এবং তার আগের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার গোলাবাড়ি এলাকায়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে বিকাল সাড়ে ৩টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়। লাশের সুরতহাল তৈরি করা হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদে মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। কিভাবে ঘটনা ঘটেছে এসব জানার জন্য অনুসন্ধান চলছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর