অসহায় মানুষের ত্রাণের চাল আওয়ামী লীগদের বাড়িতে পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী। তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি, ঐক্যবদ্ধভাবে কাজ করি। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টিসহ বাংলাদেশে সব রাজনৈতিক দল মিলে করোনাভাইরাস মোকাবিলা করি। কিন্তু আমরা দেখছি, সরকার কথা শুনছে না। অসহায় মানুষের ত্রাণের চাল, সেটাও আওয়ামী লীগদের বাড়িতে পাওয়া যাচ্ছে। আর এই কারণে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় না।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুন্সীগঞ্জের শ্রীনগরে ত্রাণ বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
সরকার ঘোষিত প্রণোদনার সমালোচনা করে রিজভী বলেন, যাদের টাকা-পয়সা আছে, তাদের জন্য হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দেয়া হচ্ছে। সেটা পাবে ব্যবসায়ীরা, ব্যাংকের মালিক ও গার্মেন্টসের মালিকরা। আর গরিব খেটে খাওয়া মানুষ সব মরে যাক। রাস্তার মধ্যে ওদের লাশ থাকুক, এটাই হচ্ছে এই সরকারের নীতি। এভাবে আর চলতে পারে না।’
বার্তা বাজার / ডাব্লিও.এস