খাবারের দাবীতে সড়ক অবরোধকারী সেই দিনমজুরদের ত্রাণ বিতরণ

ঢাকার সাভারের আশুলিয়ায় খাবারের দাবীতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা সেই দিনমজুরদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (জি আর) পৌঁছে দিয়েছেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশন এর সভাপতি পারভেজ দেওয়ান।

ছবি:বার্তাবাজার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নয়ারহাট গণবিদ্যাপীঠ বিদ্যালয় মাঠে ৪০০ ছিন্নমূল অসহায় মানুষকে জি আর এর ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ছবি:বার্তাবাজার।

এব্যাপারে মুঠোফোনে পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান জানান, গত ২০ এপ্রিল আশুলিয়ার নয়ারহাট ধনিয়া এলাকায় বসবাসরত ঢাকার বাহিরের বিভিন্ন জেলার কয়েকশ’ কর্মহীন দিনমজুর খাবারের দাবীতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলো।

বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও মানবিক ছিলো। ওই সময় আমি তাদের কাছে গিয়ে তাদেরকে খাবার পৌঁছে দেবার কথা জানিয়েছিলাম। সেই মোতাবেক আজ (বৃহস্পতিবার) নয়ারহাট গণবিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গনে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (জি আর) মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করি।

তিনি আরও জানান, আজও আমি তাদেরকে বাহিরে অযথা ঘুরাঘুরি না করে নিজ নিজ বাড়িতে নিরাপদে অবস্থান করতে বলে এসেছি। খাবার শেষ হয়ে গেলে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আবারও তাদেরকে খাবার পৌঁছে দেবো, এই নিশ্চয়তাও দিয়ে এসেছি।

দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে সরকার রয়েছে উল্লেখ করে এই ত্রাণ বিতরণ অব্যহত থাকবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে চার শতাধিক মানুষ৷ পরে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপুর উদ্যোগে থানা থেকে ৩ কেজি করে ৩৫০ প্যাকেট চাল অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হলে বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর