চট্টগ্রামে স্ত্রী হত্যার আসামী মুসা গ্রেফতার

চট্টগ্রামে নিজ স্ত্রী হত্যার আসামী মোহাম্মদ মুসাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে নগরীর বাকলিয়া থানাধীন বলিরহাট এলাকায় অভিযান চালিয়ে খুনী মুসাকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, “পারিবারিক কলহের জের ধরে নিজ স্ত্রীকে খুন করে মুসা। স্ত্রী হত্যার পর হতে সে পালিয়ে বেড়াচ্ছিলো। তাকে ধরতে পুলিশ সাদা পোষাকে সিএনজি অটোরিকশা নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবশেষে আজ বৃহস্পতিবার নগরীর বলিরহাট এলাকা হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।”

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী মুসা স্বীকার করে যে, “পারিবারিক কলহের জেরে বুধবার (২২ এপ্রিল) সকালে বাকলিয়া থানাধীন বলিরহাট বড় কবরস্থান এলাকায় নিজ বাসায় স্ত্রী জোসনা বেগম লিজাকে (৩৯) পাটা দিয়ে পিটিয়ে খুন করে।”

জোসনা বেগম খুনের ঘটনায় জোছনার আত্মীয় স্বজন নগরীর বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ হতে আরো জানা যায়, খুনী মুসা ইতোপূর্বে (২০১০ সালে) রেলওয়ের এক কর্মচারী হত্যা মামলায় ১০ বছর সাজা খেটে ২০১৯ সালে কারাগার থেকে বের হয়েছিল। তার গ্রামের বাড়ি পটিয়া উপজেলার শিকলবাহা জামালপাড়ায় এবং সে কবির শের এর ছেলে। এছাড়া মুসা দুই ছেলে ও এক মেয়ের জনক।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর