অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে সেতু

অবৈধভাবে বালু তোলার কারণে ঝুঁকির মুখে পড়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়নে মধুমতি নদীর ওপর দিয়ে নির্মিত কামারখালী সেতুটি। সেতুর পিলারের আশপাশ থেকে বালু ব্যবসায়ীরা ক্রমাগত বালু তোলায় পিলারের নিচের মাটি সরে যাচ্ছে। মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ায় পিলারগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। এমনকি যে কোন সময় সেতুটির কয়েকটি পিলার ধ্বসে পড়তে পারে।

জানা যায়, এই ব্রীজটি দক্ষিন বঙ্গের ২১ টি জেলার পরিবহনের একমাত্র ব্রীজ। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের অধিবাসী নজরুল মুন্সীর ছেলে আকিদুল মুন্সী প্রতিদিন ব্রীজটির পিলার সংলগ্ন স্থান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। সেখান থেকে প্রতিদিন ২০-৩০ ট্রাক বালি ও মাটি তুলে নিয়ে যাচ্ছে। এতে করে প্রতিদিন আকিদুল মুন্সী অবৈধ ভাবে বালু উত্তোলন করে হাতিয়ে নিচ্ছে প্রায় লক্ষাধিক টাকা।

এ বিষয়ে আকিদুল মুন্সীর ফোন নম্বরে বুধবার বিকেলে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

ডোমাইন ইউনিয়নের চেয়ারম্যান মাসুম জানান, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধভাবে বালু উত্তোলনকারী আকিদুল মুন্সীকে বালু উত্তোলন করতে মানা করলে আকিদুল মুন্সী তার কথা না শুনে জোর পূর্বক ক্ষমতার অপব্যবহার করে বালু উত্তোলন করেই যাচ্ছে।

চেয়ারম্যান মাসুম আরো জানান, আকিদুল মুন্সী অবৈধ ভাবে বালু উত্তোলনের বিষয়টি মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার সাহেবকে জানানো হয়েছে এবং তিনি ব্যবস্থা নিবেন বলে আশ্বাস প্রদান করেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর