রোজা শুরুর তারিখ জানা যাবে শুক্রবার

পবিত্র মাহে রমজান মাস কবে থেকে শুরু হবে সে বিষয়ে আগামী শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জানা যাবে। আগামী শনিবার নাকি রোববার প্রথম রোজা তার সমাধানের জনয় ওইদিন বৈঠক ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দিন ।

তিনি বলেন, রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় শুক্রবার মাগরিবের পর (সন্ধ্যা ৭টায়) সভা বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির। রাজধানীর বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

শুক্রবার সন্ধ্যায় হিজরি ১৪৪১ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে শনিবার (২৫ এপ্রিল) থেকে রমজান মাস গণনা শুরু হবে ও মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে শুক্রবার রাতেই এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে। রোজা রাখতে শেষ রাতে প্রথম সেহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

অপরদিকে শুক্রবার চাঁদ দেখা না গেলে শনিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, রমজান মাস গণনা শুরু হবে রোববার (২৬ এপ্রিল)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন ও ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর