গাজীপুরে প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিন আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সংবাদকর্মীসহ অন্যরা। সপ্তাহখানেক আগেও সংক্রমণ ছিল অল্পসংখ্যক।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল পর্যন্ত গাজীপুরে সংক্রমণ হয়েছে ৩১৭ জন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, এ পর্যন্ত গাজীপুরে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ৩১৭ জন। এই সংখ্যা ঢাকা নারায়ণগঞ্জের পর সবচেয়ে বেশি। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ১০৯ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালীগঞ্জে ৮৯ জন, শ্রীপুরে ২০ জন ও কালিয়াকৈরে ২৯ জন।
গাজীপুরে করোনায় এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একশর মতো চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী, ৯১ জন পুলিশ সদস্য ও ২ জন সংবাদকর্মীও আছেন।
১১ এপ্রিল পুরো গাজীপুরে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। কিন্তু লকডাউন তেমন মানছে না মানুষ। বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে দলে দলে মানুষ জড়ো হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে।
একটু কিছু হলেই সাধারণ মানুষ সড়কে নেমে পড়ছে। এর সাথে যুক্ত হয়েছে গার্মেন্ট শ্রমিকদের বেতন-ভাতার জন্য আন্দোলন। আর এতে ক্রমেই গাজীপুরে করোনা আক্রান্ত বেড়ে চলছে।
জেলার কয়েকটি শিল্পকারখানা এখনও বন্ধ হয়নি। আবার অনেকে আতঙ্কে ট্রাক-পিকআপ, অটোরিকশা বা হেঁটে যে যেভাবে পারছে গাজীপুরের ওপর দিয়ে চলাফেরা করছে। এতে দেশের অন্য এলাকায় ভাইরাসটি আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বার্তাবাজার/এমকে