রাজধানীর পুর্ব রাজাবাজার এলাকায় পারভেজ (২৫) নামের এক যুবককে বাড়ির ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২২ এপ্রিল) বিকালে এই ঘটনা ঘটেছে। নিহত পারভেজের স্বজনদের অভিযোগ বিয়েতে রাজি না হওয়ায় তার প্রেমিকা ও প্রেমিকার ভাই মিলে তাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছে। তবে পুলিশের কাছে এমন কোনো অভিযোগ যায়নি বলে জানা গেছে।
নিহত পারভেজের বোন সোমা মাকসুদ জানান, পারভেজ পরিবারের সাথেই কাঁঠালবাগান এলাকায় থাকতেন। কিছুদিন ধরে ওই মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঘটনার দিন ফোন করে মেয়েটিই তাকে রাজাবাজারে ডেকে নেয়। পরে সেখানে বিয়ে করার জন্য চাপ দিলে পারভেজ রাজি না হওয়ায় সেই মেয়ে ও তার ভাই মিলে পারভেজকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এত্রি তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী জানান, পারভেজ স্বেচ্ছায় ওই তরুণীর বাড়িতে যান। তরুণী বিবাহিত। তারা দুজন বাড়ির ছাদে গল্প করার একপর্যায়ে ঘটনাটি ঘটে। মেয়েটির ভাষ্য, তার পরিবারের এক সদস্যকে দেখে ভয় পেয়ে পালানোর চেষ্টা করেন যুবক। তখনই তিনি ছাদ থেকে পড়ে যান। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্বজনরা দাবি করেন, যুবলীগের কর্মী হিসেবে কাজ করতেন পারভেজ। তবে পুলিশ বলছে, এমন কোনো তথ্য তাদের জানা নেই। পারভেজ পান্থপথের ফুটপাতে প্যান্ট বিক্রি করতেন।
বার্তাবাজার/এসজে