রাজধানীর বারডেম হাসপাতালে প্রাণঘাতী করোনাভাইরাসে ৪ জন রোগীর সংক্রমণ নিশ্চিত হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) লকডাউন করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (২২ এপ্রিল) রাতে বারডেম হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে।
গণমাধ্যমে সাইফ উদ্দিন জানান, ‘হাসপাতালের আইসিইউ সন্ধ্যার দিকে লকডাউন করা হয়েছে। চার রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছিল, চারজনই করোনায় আক্রান্ত।’
তিনি আরও জানান, ‘আইসিইউ বিভাগে বেশি রোগী ছিল না। আক্রান্তদের কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে। আইসিইউর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তারা যার যার বাসায়ই আছেন।’
বারডেমে করোনায় আক্রান্ত দুই রোগীর বয়স জানা গেছে। তাদের মধ্যে একজন পুরুষ (৬৮), আরেকজন নারী (৫৯)। বাকিদের তথ্য জানা যায়নি।
বার্তাবাজার/এমকে