করোনা নিয়ে ভার্চুয়াল আঞ্চলিক সম্মেলনে সন্ধ্যায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাসের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার ওপর অর্থনৈতিক প্রভাব কাটিয়ে উঠতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য একটি ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সভাপতি বর্জ ব্রেন্ডের স্বাগত বক্তব্য দিয়ে সম্মেলনটি শুরু হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠেয় ওই ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে যোগ দেবেন। ‘দক্ষিণ এশীয় অঞ্চলের অর্থনীতির ওপর কোভিড-১৯ সম্পর্কিত প্রভাব মোকাবিলার লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি’ বিষয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সম্মেলনে ‘বাংলাদেশ- কোভিড-১৯ মোকাবিলার লক্ষ্যে আঞ্চলিক সহনশীলতা গড়ে তোলা’ সম্পর্কে তার উদ্বোধনী বক্তব্য দেবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং পরে কোভিড-১৯ পরিস্থিতি এবং মহামারি থেকে উদ্ভূত সংকট মোকাবিলার জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হবে সে সম্পর্কে বিশেষ ব্রিফিং দেবেন।

ডাব্লিউইএফ-এর স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার ভবিষ্যত গড়ে তোলা কর্মসূচির প্রধান আর্নোড বার্নায়ের্ট ফোরামের স্বাস্থ্য সেবা কমিউনিটি থেকে করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবেন। সূত্র : বাসস

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর