সিলেটে আরও এক চিকিৎসকের শরীরে করোনা শনাক্ত

সিলেটে আরও আরও এক চিকিৎসক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক হিসেবে কর্মরত। বুধবার (২২ এপ্রিল) সিলেট বিভাগে নতুন করে যে ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে একজন শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক রয়েছেন।

এর আগে গত ৫ এপ্রিল একই হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধাপক ডা. মঈন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হন। গত ১৫ এপ্রিল ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গরিবের ডাক্তার খ্যাত মঈন উদ্দিনের।

ওসমানী মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, বুধবার আক্রান্ত হওয়া শিক্ষানবিশ চিকিৎসক সম্প্রতি গাজীপুর থেকে সিলেট ফেরেন। করোনার ঝুঁকিপূর্ণ এলাকা গাজীপুর থেকে ফেরার কারণে হাসপাতালে কাজে যোগ দেয়ার আগে বুধবার তার নমুনা পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার করোনার রিপোর্ট পজিটিভ আসে।

বুধবার এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে যে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে সিলেট জেলার দুইজন। এদের একজন শিক্ষানবিশ চিকিৎসক ও অপরজন সেবিকা (নার্স) বলে জানা গেছে। আক্রান্ত হওয়া অন্যদের ৫ জন হবিগঞ্জ জেলার, ৪ জন সুমানগঞ্জের ও দুজন মৌলভীবাজার জেলার।

বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার ওসমানী মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩ জনের করোনা শনাক্ত হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর