কাউন্সিলরের লাঠিপেটার শিকার ছিন্নমূল নারীরা

বরগুনা পৌরশহরের পশ্চিম বরগুনা ৯ ওয়ার্ড। সদর সড়কের দক্ষিণ পাশে বস্তির মত ছোটছোট ঘরে গাদাগাদি করে বাস করেন অর্ধশতাধিক ছিন্নমূল ভূমিহীন পরিবার।

বুধবার বেলা আড়াইটার দিকে তুচ্ছ বিষয় নিয়ে তর্কের এক পর্যায়ে ওই পরিবারগুলোর মধ‌্যে দুই পক্ষের হাতাহাতি ও এক পর্যায়ে মারামারি শুরু হয়।

হঠাৎই সেখানে মোটাসোটা একটি লাঠি নিয়ে হাজির হন ওই ওয়ার্ডের কাউন্সিলর ফারুক সিকদার। কিছু বুঝে ওঠার আগেই তিনি তেড়ে গিয়ে কয়েকজন নারীকে এলোপাতাড়ি পেটানো শুরু করেন।

এসময় কয়েকজন ব্যক্তি লাঠি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। কাউন্সিলরের পিটুনিতে ছত্রভঙ্গ হয়ে যে যার ঘরে চলে যায় ছিন্নমূল বাসিন্দারা।

এদিকে কাউন্সিলরের ওই পিটুনির একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অনেকেই মন্তব্য করেন, ‘এভাবে নির্বিচারে পেটানোর অধিকার একজন কাউন্সিলরের নেই। তিনি আইন বহির্ভূত কাজ করেছেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মোহাম্মদ বলেন, ‘কাউন্সিলর কাউকে লাঠিপেটা করার অধিকার রাখেন না। বিষয়টি সম্পর্কে আমরা খোঁজ নিচ্ছি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর