প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ৫০৮ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ১৫ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া উপসর্গ দেখা দেয়ায় র্যাব-১১ এর ২০ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম ও র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, জেলা পুলিশের ১৫ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। এদের মধ্যে ৩ জন পরিদর্শক ও বাকিরা কনস্টেবল পদমর্যাদার। জেলা পুলিশ লাইনসে বিশেষভাবে ও বাসায় ১২ জনকে আইসোলেশন রাখা হয়েছে।
এ ছাড়া ৩ জনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) আইসোলেশনে রাখা হয়েছে। এদের সবাই সুস্থ রয়েছেন বলেও জানান পুলিশ সুপার।
র্যাব-১১-এর সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, আমাদের কয়েকজন সদস্যের করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় তাদের সংস্পর্শে থাকা ২০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল আসলে জানা যাবে কেউ আক্রান্ত কিনা।
বার্তা বাজার / ডাব্লিও.এস