নড়াইলে উপসর্গ ছাড়াই তিন চিকিৎসকসহ ৫ জন করোনায় আক্রান্ত

উপসর্গ বা লক্ষণ ছাড়াই নড়াইলের লোহাগড়া উপজেলায় তিন চিকিৎসকসহ ৫ জনের প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত বাকি দুজনের মধ্যে একজন উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা ও একজন টিকাদান কর্মী।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান বুধবার (২১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিন চিকিৎসকসহ ৫ জনের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় লোহাগড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরীফ সাহাবুর রহমান জানান, গত মঙ্গলবার লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা শনাক্ত করণের কাজে নিয়োজিত চিকিৎসক ও সহকর্মী মিলিয়ে আটজনের একটি টিমের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়েছিল। সেখান থেকে বুধবার সকালে ওই আটজনের মধ্যে পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে তিনজন চিকিৎসক, একজন উপ-সহকারী চিকিৎসক ও একজন টিকাদান কর্মী রয়েছেন। তারা হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হল তাদের কারও শরীরে কোনো উপসর্গ বা লক্ষণ ছিল না, এখনও নেই। তাই মনে হচ্ছে এ উপজেলায় সামাজিক সংক্রমণ শুরু হয়েছে। কিন্তু লক্ষণ না থাকায় বোঝা যাচ্ছে না।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুকুল কুমার মৈত্র বলেন, বুধবার বিকাল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পুরো লোহাগড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে এলাকায় মাইকিং করা হচ্ছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর