রাস্তা সংস্কারে উপজেলা প্রশাসনের নির্দেশনা না মানার অভিযোগ

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ঘোষখালি মাছের সেট থেকে উত্তর শ্রীপুর বাজার পর্যন্ত ইট সোলিং এর রাস্তাটি মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।

অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য ছবিলার রহমানের ভাটার ইট বহনকারি ট্রলী চলাচলের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ না মেনে চলছে রাস্তা সংস্কারের কাজ।

সরজমিনে বুধবার সকালে উত্তর শ্রীপুর গ্রামে গেলে রজব আলী, আব্দুল্লাহ আল মামুন, আবুল হাসনসহ কয়েকজন জানান, ১৯৯৬ সালে শেখ দিদারল ইসলাম দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান থাকাকালিন ঘোষখালি থেকে উত্তর শ্রীপুর বাজারের দিকে রাস্তাটি ইট সোলিং এর কাজ শুরু হয়। কয়েক বছর ধরে কয়েকটি কিস্তিতে প্রায় দু’ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ শেষ হয়।

সম্প্রতি ইউপি সদস্য ছবিলার রহমান ঘোজাডাঙা মদিনা দরগায় তার ভাটার ইট ট্রলীতে করে নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করেন। ফলে ইট ভর্তি ট্রলীর চাপে রাস্তার ইট ভেঙ্গে মানুষ ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি গত শনিবার সরজমিনে ওই রাস্তা পরিদর্শণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল ওই রাস্তার ক্ষতিগ্রস্হ অংশ নিজে ভাটার ইট দিয়ে খোয়া বানিয়ে বালির সঙ্গে মিশিয়ে সংস্কার করে দেওয়ার জন্য ছবিলার রহমানকে নির্দেশ দেন। রাস্তার কাজে তদারকির জন্য তার সঙ্গে থাকা ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকারকে দায়িত্ব দেন।

অভিযোগ, ইউপি সদস্য ছবিলার রহমান নিজের ভাটার ইট না এনে রাস্তার একপ্রান্ত থেকে সোলিং এর ইট তুলে অন্য প্রান্তে নিয়ে খোয়া বানিয়ে রাস্তায় ফেলছেন। এতে আগামিতে নতুন রাস্তা করার সময় পুরাতন ইটের টাকা থেকে সরকার বঞ্চিত হবে।

তবে রাস্তায় ইট ভাঙার কাজে ব্যস্ত থাকা শ্রমিক উত্তর শ্রীপুর গ্রামের বাকের মোড়ল, আক্তার মোড়ল, মনিরুল গাজী ও ছবিল পাড় বলেন, আল মামুনের বাড়ির সামনে যেখানে তারা কাজ করছেন সেখানে কোন ইট সালিং ছিল না। ভেঙো যাওয়া ইট কে বা কারা তুলে নিয়ে গেছে। মেম্বরের পাঠানো ইট ভেঙ্গে খোয়া বানাচ্ছেন তারা। বালির সঙ্গে খোয়া মিশিয়ে রাস্তায় দেওয়া হবে।

জানতে চাইলে ইউপি সদস্য ছবিলার রহমান বলেন, তার, গোবিন্দকাটি শিবপদ সরকারসহ তিনজনের ভাটার ইট ঘোষখালি মাছের সেটের সামনে দিয়ে বিভিন্ন স্থানে পাঠানো হয়। এতে ওই রাস্তার কিছু অংশ ক্ষতি হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ি নিজের ভাটার ইট দিয়ে ওই রাস্তা সংস্কার করছেন তিনি।

রাস্তার সোলিং এর ইট তুলে ভাঙ্গার কথা অস্বীকার করেই তিনি বলেন, ইউপি চেয়ারম্যান বিষয়টি তদারকি করছেন। বিগত নির্বাচনে হেরে যেয়ে তার প্রতিপক্ষ আব্দুল্লাহ আল মামুন তার বিরুদ্ধে বিভিন স্থানে মিথ্যাচার করছেন।

দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার বুধবার দুপুরে সাংবাদিকদের বলেন, গত রবিবার থেকে এক সপ্তাহের মধ্যে ছবিলার রহমানের নিজ ভাটার ইট দিয়ে চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার করার কথা। রাস্তার ইট তুলে ভেঙ্গে রাস্তায় ব্যবহার করা হচ্ছে এটা তার জানা নেই। অভিযোগ সঠিক হলে ব্যবস্থ্য নেওয়া হবে। বিষয়টি এলজিইিডিকে জানানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল বুধবার বিকেল সোয়া চারটায় সাংবাদিকদের বলেন, ঘোষখালি থেকে উত্তর শ্রীপুর রাস্তাটি কমপক্ষে ২০ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বানানো। নিয়ম অনুযায়ি ১০ বছরের বেশি সময় ওই রাস্তা ভাল থাকার কথা নয়।

যে কোন কারণে ওই রাস্তা সরকারিভাবে সংস্থার করা সম্ভব হয়নি। তবে রাস্তার কিছু অংশ ইউপি সদস্য ছবিলার রহমানের ভাটার ইট বহনের ফলে নষ্ট হয়েছে এমন অভিযোগ ওঠায় নিজ ভাটার ইটের খোয়া ও বালি দিয়ে ওই অংশটুকু সংস্কার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাস্তার কাজ দেখে নেওয়ার জন্য সংশি­ষ্ট ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। রাস্তার ইট তুলে ভেঙ্গে ব্যবহার করার সত্যতা পেলে ব্যবস্থ্য নেওয়া হবে ওই ইউপি সদস্যর বিরুদ্ধে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর