৩০টি দেশে দুর্ভিক্ষের আশঙ্কা জাতিসংঘের

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে বিশ্বে বেড়েই চলেছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। এ মুহূর্তে তীব্র ক্ষুধার যন্ত্রণা ভোগ করছেন অন্তত ২৬ কোটি মানুষ। দেশে দেশে লকডাউনের কারণে এই সংখ্যা শিগগিরই দ্বিগুণ বাড়তে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। খবর দ্য গার্ডিয়ান।

গতকাল মঙ্গলবার(২১ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, এ বছর ১৩ কোটি মানুষ নতুন করে খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে। ইতোমধ্যে এই সংকটে মানুষের সংখ্যা প্রায় ১৩ কোটি ৫০ লাখ। পর্যটন রাজস্ব হারানো, প্রবাসীদের আয় পাঠানো কমে যাওয়া এবং ভ্রমণ ও মহামারি সংশ্লিষ্ট অন্যান্য বিধি-নিষেধের কারণে আয় কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

সেই সঙ্গে ঝুঁকি মোকাবেলায় শিগগিরই ত্রাণ তহবিল গঠনের জন্য দাতা গোষ্ঠীগুলোর কাছে জরুরি আবেদন জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।

কর্মকর্তারা বলছেন, ক্রমবর্ধমান ক্ষুধার সংকট ঠেকাতে এ মুহূর্তে ৩৫ দশমিক ৫ কোটি ডলার সহায়তা প্রয়োজন। দ্য গার্ডিয়ানে লেখা এক খোলা চিঠিতে দাতাগোষ্ঠীগুলোর কাছে এ আহ্বান জানানো হয়।

এতে স্বাক্ষর করেছেন জাতিসংঘের বিভিন্ন এজেন্সির প্রধান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, কোঅর্ডিনেশন অব হিউম্যান অ্যাফেয়ার প্রভৃতির কর্মকর্তারা।

করোনাভাইরাস বিশ্বের সব মহাদেশের সব দেশে এমনকি আমাজনের প্রত্যন্ত ও গহীন অরণ্যেও আঘাত হেনেছে। প্রতিরোধ ব্যবস্থা হিসেবে দেশ, শহর, বন্দর ও নগর বন্ধ করে দেয়া হয়েছে।

ইউএন ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের এক রিপোর্ট মতে, করোনা মহামারীর সবচেয়ে প্রভাব পড়েছে খাদ্য সুরক্ষার ওপর।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর