এখন সব রাজনৈতিক দল মিলে মহাদুর্যোগ মোকাবিলা করার সময়: তথ্যমন্ত্রী

এখন সব রাজনৈতিক দল মিলে এ মহাদুর্যোগ মোকাবিলা করার সময় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এখন রাজনীতি করার সময় নয়, একে অপরকে দোষারোপ করার সময় নয়, এখন সময় হচ্ছে সব রাজনৈতিক দল মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এ মহাদুর্যোগ মোকাবিলা করা।’

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে গণমাধ্যমে দেয়া বক্তব্যে ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাবো, আসুন অন্য রাজনীতি নয়, আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে সুরক্ষা দেয়ার রাজনীতিটাই করি।’

বাংলাদেশের করোনা পরিস্থিতি অনেক দেশের চেয়ে ভালো উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা শনাক্তের পর দুঃখজনকভাবে এ পর্যন্ত ১২০ জনের প্রাণহানি ও ৩৭৭২ জন শনাক্ত হয়েছে, আমরা মৃতের আত্মার শান্তি ও আক্রান্তদের আরোগ্য কামনা করি। কাছাকাছি সময়, ১১ মার্চ তুরস্কে প্রথম করোনা শনাক্তের পর এ পর্যন্ত ২২৫৯ জন মারা গেছে ও ৯৫৫৯১ রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ আমাদের পরিস্থিতি এখনো অনেক দেশের চেয়ে ভালো। কিন্তু সেটি যেন আরও খারাপের দিকে না যায়, সেজন্য সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এ সময় উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর