নোয়াখালীতে ১০ টাকা কেজি দরের চাল আত্মসাতের অভিযোগে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। এসময় ওএমএসর ১৫ বস্তা চাল ও ৩টি চালের খালি বস্তা উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন থেকে এসব চাল উদ্ধার করা হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আটকৃতরা হলেন- ওএমএস চাল বিতরণ কর্মসূচির ডিলার ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সাজু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ঈসমাইল হোসেন খান। এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে তাদেরকে চোরাই চালসহ আটক করা হয়।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে দুস্থদের জন্য দেওয়া চাল চুরির অভিযোগের ভিত্তিতে ৯নং নবীপুর ইউনিয়নে উপজেলা ভূমি কর্মকর্তা হেমালিকা চাকমা’র নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় তিনি অভিযোগের সত্যতা পান এবং ওএমএসর ১৫ বস্তা চাল ও ৩টি চালের খালি বস্তা উদ্ধার করা হয়।
আরও জানা যায়, ডিলার শাহজাহান সাজু তার সহযোগীর ঈসমাইল হোসেন খান যোগসাজশে এ জালিয়াতি চালাচ্ছে। তারা দরিদ্র মানুষকে চাল না দিয়ে কৌশলে বিভিন্ন ভাবে বেশি দামে এ চাল বিক্রি করছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।