করোনা সন্দেহে আইসোলেশনে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে করোনাভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষার পর তার রিপোর্ট নেগেটিভ এসেছে। দেশটির সংবাদ মাধ্যম ডন অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, ইমরান খানে সঙ্গে বৈঠক করে বাড়ি ফিরেই করোনার উপসর্গ দেখা দিয়েছিল পাকিস্তানের ইধি ফাউন্ডেশনের ফয়জল ইধির শরীরে। গত ১৫ এপ্রিলের ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন ফয়জল ইধি। তারপর গতকাল তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হলে আইসোলেশনে যান প্রধানমন্ত্রী ইমরান খান।
তবে পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলেও পাক প্রধানমন্ত্রী আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানা গেছে।
ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ফইজল সুলতান বলেন, আমরা সব প্রোটোকল মেনে যা যা সতর্কতামূলক পদক্ষেপ দরকার তাই করব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী সংক্রামিত ব্যক্তির সরাসরি সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা পরীক্ষা এবং কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। নমুনা পরীক্ষা হয়ে গেলেও তাই আপাতত গৃহবন্দি থাকতে হবে ইমরান খানকে।
পাকিস্তানে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২০৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৪৯ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস