প্রাণঘাতী করোনাভাইরাসে গাজীপুরে কয়েকটি হাসপাতালে এ পর্যন্ত ২১ জন চিকিৎসক, ২৪ জন নার্স ও ৪৬ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে ৯১ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। এসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর নমুনা আইইডিসিআরে পাঠানো হলে সেখান থেকে তাদের রিপোর্ট পজিটিভ আসে।
এছাড়াও কর্মকর্তাসহ ৩২ জন পুলিশ সদস্যও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোনের সহকারী পুলিশ কমিশনারসহ ২৫ জন এবং বাকি সাতজন গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ থানার পুলিশ সদস্য।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের আনা নেয়া, দেখাশোনা এবং কোয়ারেন্টাইনে থাকা রোগীদের পাহারাসহ সকল পর্যায়ের মানুষের সেবা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন। পুলিশ সদস্যদের পিপিই ও মাস্ক পরিধানসহ সুরক্ষা সামগ্রী নিয়ে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তারপরও পুলিশ আক্রান্ত হচ্ছে।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মুহাম্মদ শাহীন বলেন, প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাসপাতাল থেকে নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হচ্ছে। কিন্তু গত দুই দিন ধরে গাজীপুরে আক্রান্তদের তথ্য পাওয়া যাচ্ছে না। তবে গত সোমবার সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৯১ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসক রয়েছে ২১ জন, নার্স ২৪ জন ও স্বাস্থ্যকর্মী আছেন ৪৬ জন।
এর মধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের একজন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাতজন, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের ১২ জন চিকিৎসক রয়েছেন।
বার্তাবাজার/এমকে