দু’দিনের ব্যবধানে আবারো লোকালয়ে সুন্দরবনের চিত্রা হরিণ। লোকালয়ে চলে আসা হরিণটি আটক করে সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ।
বুধবার ভোররাতে সুন্দরবন থেকে পথ ভুলে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া জনবসতি এলাকায় চলে আসে হরিণটি।
এ সময় স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেরে মুন্সিগঞ্জ ফরেস্ট স্টেশনের বনকর্মকর্তা মিজানুর রহমান ও কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সায়ীদ সঙ্গীয় ফোর্স নিয়ে সিপিপি ও স্থানীয় জনগণের সহযোগিতায় হরিণটি আটক করে।
এলাকাবাসীরা জানান, ভোরে হরিণটি ঘোরাফেরা করতে দেখে স্থানীয় মুন্সিগঞ্জ ফরেস্ট অফিসে খবর দেই। পরবর্তীতে বন বিভাগের লোকজন এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সায়ীদ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় আটক পূর্বক স্বাস্থ্য পরীক্ষা করে শরীরে কোন ক্ষত না থাকায় ও হৃদযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক থাকায় হরিণটি সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়। সরকারি কাজে সহযোগিতার জন্য সিপিপি ও স্থানীয়দের ধন্যবাদ জানান স্টেশন কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল কোবাদক স্টেশন এলাকা থেকে অনুরূপভাবে একটি হরিণ লোকালয়ে আসলে বন বিভাগের উদ্যোগে সেটিকেও আটক করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
বার্তা বাজার/এম.সি