ফরিদপুরের বোয়ালমারীতে ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে মনসুর মোল্লা (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় উভয়পক্ষের ৮ জন আহত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার সময় উপজেলার দাদপুর ইউনিয়নের উত্তরপাড়া গনি খাঁর মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মনসুর ওই এলাকার মৃত নাছিম মোল্লার পুত্র।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, দাদপুর গ্রামে ফজল খাঁর ছেলে আবু বক্কর এবং ছলেমান মোল্যার ছেলে কিবরিয়া মোল্যার মধ্যে ক্রিকেট খেলা নিয়ে সন্ধ্যায় কথা-কাটাকাটি হয়। এ সময় ওই দু’জনের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে রাতে ফজল খাঁর সমর্থকেরা ছলেমান মোল্যাদের ওপর হামলা করতে আসলে এসময় প্রতিবেশী মনসুর মোল্যা বিরোধ ঠেকাতে গেলে মাথায় আঘাতপ্রাপ্ত হন। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ১টার দিকে তিনি মারা যান।
পরে কোতয়ালী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। এ ঘটনায় একটি হত্যা মামলা নেয়া হবে পুলিশ জানিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানায়।
বার্তা বাজার/এম.সি