ব্রাহ্মণবাড়িয়াকে ‘বলদ বাড়িয়া’ বলায় ছাত্রলীগের মামলা

ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ‘বি-বাড়িয়া’ ও ‘বলদ বাড়িয়া’ বলায় মামলা হয়েছে বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও চিকিৎসক ডা. আব্দুন নূর তুষারের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হাসান রুবেল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এই মামলাটি দায়ের করেন। এতে আসামী করা হয় ডা. তুষারের সেই ফেসবুক পোস্ট শেয়ার করা ৩ জনসহ অজ্ঞাত ৬৩৬ জনকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ডা. আব্দুন নুর তুষার গত ২০ এপ্রিল সন্ধ্যা ৬ টায় তার নিজের ফেসবুক আইডি থেকে একটা পোস্টে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে কটাক্ষ করা হয়। তিনি লিখেন, ‘আজ ২০-০৪-২০২০ ইং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায় করোনা ভাইরাস কোভিড- ১৯ পরীক্ষার আরটি পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়। সামাজিক দূরত্বের নমুনা দেখুন। পুরো দেশটাই বি-বাড়িয়া বলদ বাড়িয়া’।

এজাহারে বলা হয়, ডা. তুষার অকারণে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বি-বাড়িয়া মর্মে বিকৃত উচ্চারণে উপস্থাপন করে আইন ভঙ্গ করেছেন। ২০১১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন প্রজ্ঞাপন দ্বারা ব্রাহ্মণবাড়িয়ার সংক্ষিপ্ত রূপ বি-বাড়িয়াকে আইনগতভাবে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য ঘোষনা করেছে উল্লেখ করে এজাহারে বলা হয় তার এই নেতিবাচক উপস্থাপনা ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় ৩২ লাখ মানুষের মনে ক্ষোভ ও উত্তেজনা উস্কে দিয়েছেন।

মামলা প্রসঙ্গে জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, আসামিদের এমন লজ্জাজনক কাজে সমগ্র জেলাবাসীর মতো আমিও অপমানিত ও মর্মাহত হয়েছি। বলদ বাড়িয়া বলে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩২ লাখ মানুষকে অপমান করা হয়েছে। এর মাধ্যমে অন্য জেলার মানুষের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান জানান, জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে কথা বলে মামলাটি নথিভুক্ত করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর