করোনা রোগীদের জন্যে চট্টগ্রামে দেশের প্রথম ‘ফিল্ড হাসপাতাল’

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের জন্য চট্টগ্রামে তৈরি করা হয়েছে ৬০ শয্যা বিশিষ্ট দেশের প্রথম ফিল্ড হাসপাতাল। মাত্র ২০ দিনে এই হাসপাতালটি তৈরী করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে এ হাসপাতালে রোগী দেখা শুরু করেছে চিকিৎসকরা। কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই শুরু হল দেশের মধ্যে প্রথম এ ফিল্ড হাসপাতালের যাত্রা।

হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া। তিনি ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি। তিনি জানান, রোগীদের জন্য ৫০টি সাধারন শয্যা রয়েছে। এছাড়া পাঁচটি ভেন্টিলেটর সুবিধা নিয়ে করোনা রোগীদের সেবায় হাসপাতালটির কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া কয়েকদিনের মধ্যে ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিটও প্রস্তুত হয়ে যাবে বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে ১০ সদস্যের একটি চিকিৎসক টিম গঠন করা হয়েছে। এই টিমের সঙ্গে পাঁচজন নার্স ও তিন জন চিকিৎসা সহকারী কাজ করবেন। এর পাশাপাশি আরো পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক সহায়তা করবেন। সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানান ডা. বিদ্যুৎ বড়ুয়া।

রোগীদের চিকিৎসা দেয়ার পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, করোনা মহামারির এই সময়ে সর্দি, কাশি, জ্বরসহ করোনা উপসর্গ থাকা রোগীদের অনেক হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না। এই ধরনের রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে নানা ধরনের অবহেলার শিকার হচ্ছে। তাই এই ধরনের রোগীদের সেবা দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে ও জানান তিনি।

বর্তমান অবকাঠামোতে ৫০ জন রোগীকে ইনডোর সেবা দেয়া হবে। পাশাপাশি আউটডোরে যে কোন রোগী সেবা নিতে পারবে। সেইসাথে ২৪ ঘণ্টা ফিল্ড হাসপাতালের সেবা চালু থাকবে।

ডাক্তার বিদ্যুত বড়ুয়া বলেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল উদ্বোধনের কোন ব্যবস্থা রাখা হয়নি। সকাল থেকে বেশ কয়েক জন রোগী এসেছে। তারা বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে এসেছিল। যেহেতু এটি করোনা আক্রান্ত রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাই অন্য কোন উপসর্গের কোন রোগী ভর্তি করা হয়নি। তাদের কাউন্সিলিং করে ছেড়ে দেয়া হয়েছে।

ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনিস্টিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকশাস ডিজিজেসের অদূরে সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর নামক স্থানে ফিল্ড হাসপাতালটি বানানো হয়েছে। হাসপাতাল প্রতিষ্ঠায় নিজেদের প্রতিষ্ঠানের জায়গা দিয়ে এগিয়ে এসেছে নাভানা গ্রুপ। এছাড়া বিভিন্ন শিল্প গ্রুপ ও সাধারন মানুষের আর্থিক সহযোগিতায় গড়ে উঠেছে করোনা রোগীদের জন্য এ বিশেষায়িত হাসপাতালটি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর