অসহায়দের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন অপু, প্রশংসায় তামিম

চেনা শহরগুলোয় আজ মানুষের সাড়াশব্দ নেই, রাজপথগুলোয় যানবাহনের লম্বা সারি নেই। প্রাণঘাতী করোনা ভাইরাস আজ পুরো বিশ্বকে থমকে দিয়েছে। সাধারণ মানুষের আয়-রোজগার নেই।

নিম্নবিত্ত, মধ্যবিত্তের ঘরে ক্ষুধা মেটাবার খাবার নেই৷ শূন্য হাঁড়ি দেখে তাদের গাল বেঁয়ে অশ্রু গড়িয়ে পড়ে। কিন্তু এরকমটা আর কতোদিন? বিশ্ব মানবতার জন্য অগ্নিপরীক্ষার দিন আজ। কোয়ারেন্টিনে একজন ঘরে বসে বসে মজার মজার পদের খাবার খাবে আরেকদিকে অন্য দশজন দিনের পর দিন ক্ষুধার্ত থাকবে, সেটা তো মেনে নেওয়া যায় না

সেজন্যই তো প্রতিনিয়ত ক্ষুধাপীড়িত মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন নাজমুল ইসলাম অপু, তামিম ইকবাল, মুশফিকুর রহিম বা মাশরাফির মতো নামজানা হাজারো বীর সন্তানেরা।

নিজেদের এলাকার দরিদ্র মানুষদের এই চরম দুর্ভোগের হাত থেকে বাঁচানোই এই মুহূর্তে তাঁদের একমাত্র লক্ষ্য। কয়েকদিন আগে সেরকম একটি মহৎ উদ্যোগের জন্যই সংবাদমাধ্যমগুলোর শিরোনামে এসেছিলেন তামিম ইকবাল ও নাজমুল ইসলাম অপু।

নিজ এলাকা নারায়ণগঞ্জের গরিব মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য দিন-রাত এক করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নাগিন ডান্সের জন্য পরিচিত জাতীয় দলের এই ক্রিকেটার। সেই সঙ্গে সাধ্যমতো তাঁকে আরো অর্থ দিয়ে সহায়তা করে যাচ্ছেন টাইগারদের নতুন দলপতি তামিম ইকবাল খান।

এদিকে মঙ্গলবার রাতে অপুর ভূয়সী প্রশংসা করে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন তামিম। প্রশংসার পাশাপাশি এসময় তামিম ছবির ক্যাপশনে অপুর মহত্বও সবার সামনে তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘ছবিতে নিজ হাতে চাল মেপে দিচ্ছেন যিনি, মানুষটিকে আপনারা অনেকেই চেনেন।

মাঠে তার সেলিব্রেশন আপনাদের আনন্দ দিয়েছে অনেক সময়। এখন সে কাজ করে চলেছে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। জাতীয় ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। নারায়ণগঞ্জে করোনার এই ক্রান্তিকাল শুরুর সময় থেকেই অপু নিরলসভাবে কাজ করে চলেছে।

নিজে যতটুকু পেরেছে ও অন্যদের সহায়তা নিয়ে দিনের পর দিন দুঃস্থদের খাদ্য সহায়তা দিয়ে চলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি ওকে সহায়তা করার। আরও অনেকে করেছেন।

এই প্রবল দুর্যোগের সময় দেশজুড়ে আরও অসংখ্য মানুষ এভাবে অসহায়দের পাশে দাঁড়িয়েছে আজ। অপুর যে দিকটি আমার খুব ভালো লেগেছে, সে উদ্যোগ নিয়েছে তো বটেই, নিজেই সবকিছু জোগাড় করে, মেপে, প্যাকেট করে, মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছে। একবার-দুবার নয়, বারবার। একজন জাতীয় ক্রিকেটার যখন এভাবে মানবসেবায় ঝাঁপিয়ে পড়েন, সমাজকে তা খুব ভালো বার্তা দেয়।

অনেক সময়ই আমাদেরকে বিচার করা হয় শুধু ক্রিকেট দিয়ে। অপু দেখিয়ে দিচ্ছে, মানুষ হিসেবে বড় হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ!’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর