কিশোরগঞ্জে ১১ দিনে প্রাণঘাতী করোনাভাইরাসে ১৪১ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই স্বাস্থ্য কর্মী। জানা গেছে, জেলায় আক্রান্ত ১৪১ জনের মধ্যে ৯৩ জনই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী।
আক্রান্তদের মধ্যে আছেন, ৪১ জন চিকিৎসক, ১০ জন নার্স ও ৪২ জন বিভিন্ন হাসপাতালের কর্মচারী।
এ চিত্র গত ১৭ এপ্রিল পর্যন্ত। সবশেষ গত ১৭ এপ্রিল ১২২ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের মধ্যে কোভিড-১৯ শনাক্ত। ২১ এপ্রিল পর্যন্ত চার দিনে চার শতাধিক ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু গত চারদিনে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার ফলাফল এখনো জানানো হয়নি।
জেলা সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে জানান, ‘ঢাকার ল্যাবরেটরি থেকে রিপোর্ট প্রকাশিত না হওয়ায় আজকের আপডেট দেয়া সম্ভব হচ্ছে না।’
জানা গেছে, গত ৬ এপ্রিল জেলার করিমগঞ্জে উপসর্গ নিয়ে মারা যাওয়া এক যুবকের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। ইতোমধ্যে জেলার ১৩ উপজেলার সব কটিতে ছড়িয়ে পড়েছে করোনা আক্রান্ত। গত শুক্রবার হোসেনপুরে মারা যাওয়া ১০ বছরের এক শিশুর নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া যায়।
এরই মধ্যে কিশোরগঞ্জ জেলাকে করোনার হটজোন ঘোষণা করেছে আইইডিসিআর। জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে জেলা করোনা প্রতিরোধ কমিটি।
বার্তা বাজার/ডাব্লিও.এস