করোনাভাইরাসের কারণে দেশে চলতি অঘোষিত লকডাউনে চরম বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। এমতাবস্থায় তাদের পাশে দাড়াতে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে তহবিল গঠন করেছেন সাকিব।
সেই ফাউন্ডেশনের ফান্ড সম্পর্কে বিভিন্ন তথ্য দিতে ও আলোচনা করতে দ্বিতীয় বারের মতো আজ যুক্তরাষ্ট্র থেকে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮ টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসেন সাকিব। এসময় নিজের ব্যাট নিলামে তোলার কথা জানান সাকিব নিজেই।
লাইভ চলাকালে এক পর্যায়ে সাকিব বলেন, ‘’আমি আমার প্রিয় একটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। এই ব্যাট দিয়ে অনেক ম্যাচ খেলেছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ম্যাচের সঙ্গে। যেহেতু বেশ কিছুদিন আমি ক্রিকেটের সঙ্গে নেই। সুতরাং, এই ব্যাটের সঙ্গে আমার আপাতত সংযোগ নেই।”
কিভাবে নিলাম হবে এবং কিভাবে এর থেকে প্রাপ্ত অর্থ খরচ করা হবে এ ব্যাপারে সাকিব বলেন, “নিলামের ব্যাপারে পরে অনলাইনে আসব এবং বিস্তারিত কথা হবে। এই ব্যাট বিক্রি করে যে টাকা হবে তার পুরোটাই সাকিব আল হাসান ফাউন্ডেশনে জমা হবে এবং সেখান থেকে দুস্থ মানুষদের সহযোগিতা করা হবে।”
জানা গেছে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১০ টায় নিলামে তুলা হতে পারে সাকিবের এই ব্যাট। তবে অনলাইনে কোন প্লাটফর্মে বিক্রয় করা হবে সেটি এখনো জানা যায়নি।
২০১৯ বিশ্বকাপে এই ব্যাট দিয়ে মহাকাব্য রচনা করেছিলেন সাকিব। বিশ্বকাপ জুড়ে সাকিব ৮৬ গড়ে রান করেছিলেন ৬০৬! রোহিত-ওয়ার্নারদের চাইতে কম ম্যাচ খেলেও ছিলেন সেরা রান সংগ্রাহকের তালিকায় তৃতীয়তে।
কেএ/বার্তাবাজার