গাজীপুর মহানগর পুলিশের এক সহকারী কমিশনারসহ গাজীপুরে কর্মরত ৩২ পুলিশ সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) তারা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ২৫ গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত। বাকি ৭ জন হলেন গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ থানায় কর্মরত।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোঃ আনোয়ার হোসেন জানান, সোমবার পাওয়া তথ্যমতে মহানগর পুলিশের গাছা থানার আরও ২০ জন সদস্যের দেহে নতুনভাবে করোনাভাইরাস পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। এর কয়েকদিন আগে এ থানার আরও ৫জনের মধ্যে করোনা সংক্রমন পজেটিভ ধরা পড়ে। করোনায় আক্রান্তদের মধ্যে গাছা জোনের এসি, একজন পুলিশ পরিদর্শক ও পুলিশের মহিলা সদস্যরাও রয়েছেন। করোনায় আক্রান্ত পুলিশের তিন নারী সদস্য ছাড়া সকলেই থানায় আইসোলেশনে আছেন।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. শাহীন করেন, গত ১৩ এপ্রিল জিএমপি’র গাছা থানার এক এসআই প্রথম করোনায় আক্রান্ত হন। এরপর ১৬ এপ্রিল গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পুলিশের আরও দুই সদস্য এবং থানার এক কর্মীর (বাবুর্চি) দেহে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে।
ডা. মো. শাহীন আরও জানান, করোনা ভাইরাসের সংক্রমন নিশ্চিত হতে গত ১৮ এপ্রিল মেডিকেল টিম গাছা থানা পুলিশের আরও ২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। সোমবার তাদের ২০ জনের নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে গাছা থানার ২৫ জন কর্মকর্তা-কর্মচারীর শরীরের করোনা ভাইরাসের সংক্রমন পাওয়া গেছে। গাছা থানার আরও ৪২ জনের মতো পুলিশের ও স্টাফের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
এছাড়া জেলা পুলিশের কালীগঞ্জ থানার সাতজনের মধ্যে করোনা সংক্রমনের তথ্য জানিয়েছেন জেলা পুলিশের কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত। তবে করোনা ভাইরাসের সংক্রমন নিশ্চিত হতে ওই থানার আরও কয়েক সদস্যের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে যাদের রিপোর্ট এখনও আসেনি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
বার্তা বাজার/ডাব্লিও.এস