করোনা (কোভিড-১৯) মহামারী পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আর্থিকভাবে সংকটাপন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর তাগিদ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শিক্ষার্থীদের “করোনা (কোভিড-১৯) দুর্যোগকালীন বিশেষ বৃত্তি” নামক অনুদান প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷
মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হোসাইন বার্তাবাজারকে উক্ত বিশেষ বৃত্তি অনুদানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, “দেশের এমন ক্রান্তিকালে আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সহায়তা করা শিক্ষকদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আর এই মানবিক দায়িত্ববোধ হতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য “করোনা (কোভিড-১৯) দুর্যোগকালীন বিশেষ বৃত্তি” নামক অনুদান প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷”
তিনি আরো জানান, এ বৃত্তির পরিমান শিক্ষার্থীর আর্থিক অবস্থা বিবেচনা করে নির্ধারিত করা হবে। উল্লেখ্য শিক্ষার্থীদের ব্যাক্তি মর্যাদা সমুন্নত রাখতে আবেদনকারী এবং তালিকাভুক্ত বৃত্তি গ্রহীতাদের ব্যাক্তি-পরিচয় সমিতি অত্যন্ত গোপনীয়তার সাথে সংরক্ষণ করবে। বৃত্তির আবেদনের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তারা হলেনঃ ১/ যে সকল শিক্ষার্থীর পিতা/ উপার্জনক্ষম অভিভাবক জীবিত নেই এবং আর্থিকভাবে অস্বচ্ছল, ২/ যে সকল শিক্ষার্থীর পিতা/মাতা কর্মহীন, ৩/ যে সকল শিক্ষার্থীর পিতা মাতার উপার্জন অপ্রতুল, ৪/ যে সকল শিক্ষার্থী প্রতিবন্ধী ও পরিবার অসচ্ছল। এছাড়া আবেদনের নিয়মাবলী উল্লেখ করে –
নিন্মবর্ণিত যে কোন একটি মাধ্যমে আবেদন করা যাবে বলে জানান জনাব কামরুল হোসেন।
আবেদনের নিয়মাবলীঃ
১) নিম্নে উল্লিখিত লিঙ্কে অনলাইনে তথ্য প্রদানের মাধ্যমে – https://forms.gle/VPpQB8GQJE3aecFu9
২) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আইডিতে – [email protected] এই ইমেইলের মাধ্যমে ।
৩) ইন্টারনেটে যোগাযোগ সম্ভব না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিভাগীয় সভাপতির সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ – ২৭ এপ্রিল ২০২০, সোমবার।
কেএ/বার্তাবাজার