প্যারিসের পানিতে পাওয়া গেল করোনাভাইরাসের সন্ধান

ফ্রান্সের প্যারিসের পৌরসভার পানিতে করোনাভাইরাসের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে প্যারিস ওয়াটার অথোরিটি। পৌরসভার ২৭টি স্থান থেকে নমুনা সংগ্রহ করলে ৪ টি নমুনায় করোনার উপস্থিতি পাওয়া যায়। তবে এগুলো পানীয় জল নয়। মূলত পার্ক, বাগানে পানি দেয়া, রাস্তা সাফ করা ইত্যাদি কাজে পৌরসভা এই পানি ব্যবহার করে। এএফপির বরাত দিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

মূলত সেইন নদীর থেকে এই পানি তোলে প্যারিস ওয়াটার অথোরিটি। নদী থেকে তোলা এসব পানি শুধু রাস্তা সাফ বা বাগানে জল দেয়াই নয়, প্যারিসের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বিখ্যাত ফোয়ারাগুলিতেও এই পানিই ব্যবহার করা হয়।

নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়া হয় সম্পূর্ণ নেটওয়ার্কটি। তবে প্যারিস ওয়াটার সাপ্লাই অথরিটি জানায় এতে সাধারণ মানুষের কোনও সমস্যা হবে না। কারণ তাদের জন্য পানীয় জলের যে পাইপলাইনগুলো আছে, তার সঙ্গে এটির কোনও সম্পর্ক নেই। সেগুলি সম্পূর্ণ একটি বিচ্ছিন্ন সিস্টেমে চলে। তাই আশঙ্কার কোনও কারণ নেই।

অন্যদিকে এই সাপ্লাই সিস্টেমটি কীভাবে করোনামুক্ত করা যায়, সে বিষয়ে আলোচনা করছেন বিশেষজ্ঞরা। আপাতত বন্ধ রাখা হয়েছে সম্পূর্ণ লাইনটি।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্যারিসের পানীয় জলে করোনাভাইরাস থাকতে পারে কিনা। এর আগে একাধিক ক্ষেত্রে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে পানির পরিশোধন কেন্দ্রে পরিশোধনের সময়েই করোনাভাইরাসসহ অন্যান্য ভাইরাস নষ্ট হয়ে যাবে। তাছাড়া এখনও পর্যন্ত পানীয় জল থেকে সংক্রমণের কোনও প্রমাণ মেলেনি।

বার্তা বাজার/ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর