ঝড়ের রাতে ভাড়াটিয়াকে বের করে দেয়া সেই বাড়ির মালিক শম্পা আটক

রাজধানীর পান্থপথে ভাড়াটিয়াকে ১ মাসের ভাড়া বাকির অভিযোগে ঝড়ের রাতে বাসা থেকে বের করে দেয়া বাড়ি মালিক নুর আক্তার শম্পাকে আটক করেছে র‍্যাব-২। শম্পার বিরুদ্ধে ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার মামলা হয়েছিল।

মঙ্গলবার(২১ এপ্রিল) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি সড়ক থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাব-২ এর মেজর এইচ এম পারভেজ আরেফিন।

তিনি জানান, তাকে আমরা নিয়মিত নজরদারিতে রাখছিলাম। রাতে ধানমন্ডির একটি সড়ক থেকে গ্রেফতার করি। তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, রোববার রাতে ৫৮/৭ নম্বর পান্থপথ এলাকার দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার একমাসের ভাড়া বাকি থাকায় ২ মাসের নবজাতক শিশুসহ ৩ সন্তান ও তার বাবা-মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন বাড়িওয়ালা শম্পা। র‍্যাব-পুলিশের সদস্যরা মানবিক বিবেচনায় শম্পার কাছে ভাড়াটিয়াকে ঘরে রাখার অনুরোধ জানায়।

তবে শম্পা তাদের অনুরোধকে অবজ্ঞা করে এবং র‍্যাব-পুলিশকে দেখে নেয়ার হুমকি দিয়ে বাড়ি ছেড়ে চলে যান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর