পটুয়াখালীতে তাবলীগ জামাতের তিনজনসহ মোট ১০ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জেলার রাঙ্গাবালীতে ৪ জন, দশমিনায় ৩ জন, দুমকিতে ২ জন এবং সদর উপজেলায় ১ জন রয়েছে। এসব আক্রান্তদের মধ্যে দুলাল হাওলাদার (৩২) নামে এক গার্মেন্টস কর্মীর গত ৯ এপ্রিল মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম বলেন, করোনায় আক্রান্ত এসব রোগীদের রাঙ্গাবালীর চারজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে, দশমিনার তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে এবং দুমকির একজন ও সদর উপজেলার একজনকে জেলা সদরের ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশনে চিকিৎসা সেবা দেওয়া হবে। এছাড়া দুমকি উপজেলায় করোনায় আক্রান্ত আরেকজন ইতোমধ্যে মারা গেছেন।
জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, জেলায় এ পর্যন্ত ২৮২ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৫৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। তাতে পটুয়াখালী জেলায় ১০ জনের শরীরে কোভিড-১৯ করোনাভাইরাসে পজেটিভ এসেছে এবং কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সংস্পর্শে যারা গেছে তাদেরও সনাক্ত করা হচ্ছে। করোনা প্রতিরোধে ইতোমধ্যে পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
বার্তাবাজার/এমকে